ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ৩ ডিসেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা 
অভিযুক্ত ডা. ডিউক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত চিকিৎসক ডিউক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন রাজমিস্ত্রি মো. তরিকুল ইসলাম। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। 

এ মামলা আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। তরিকুল চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হামিদপুরের বাসিন্দা। 

মামলার তথ্যানুযায়ী, জেলা শহরের মুন্সেফপাড়ার ডা. ডিউক চৌধুরীর মালিকানাধীন খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল ভবন নির্মাণের জন্যে ২০১৫ সালের ৭ মে চুক্তি করেন মামলার বাদী।  

চুক্তি অনুযায়ী আন্ডার গ্রাউন্ডের যাবতীয় কাজসহ গ্রাউন্ড ফ্লোর প্রতি বর্গফুট ২৮০ টাকা এবং বাকি প্রতি ছাদ ১৭৫ টাকা বর্গফুট হারে কাজ হবে। এরপর ওই বছরের ৫ জুলাই থেকে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ তলা ভবন নির্মাণ শেষ হয়। এতে রাজমিস্ত্রির সর্দার তরিকুল ইসলাম এক কোটি টাকা বিল পাওনা হয়। এর মধ্যে ডা. ডিউক ৯২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি সাড়ে সাত লাখ টাকা না দিয়ে টালবাহানা করে তাকে ঘুরাতে থাকেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শরীফ উদ্দিন সাংবাদিকদের জানান, আদালত মামলাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. ডিউক চৌধুরী সাংবাদিকদের জানান, কীভাবে চুক্তি হয়েছিল সেটা খাতা-কলমে রয়েছে। তার ম্যানেজারের কাছে সব কাগজ আছে। সাংবাদিকরা দেখতে চাইলে ম্যানেজারের সঙ্গে যোগাযোগের কথা বলেন। 

এর আগে চলতি বছরের ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যু হয়। ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর ঘটনার অভিযোগে ডা: ডিউক চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন মৃত দিয়ার বাবা শিহাব আহমেদ। এ মামলায় অরুনেশ্বর পাল অভি ও মো. শাহাদাত হোসেন রাসেল নামের দুই চিকিৎসককেও আসামি করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!